চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার ২
কখনো আইনজীবী, কখনো সাংবাদিক, আবার কখনো মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে কৌশলে বিচারপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে তাঁদের আটক পুলিশে সোপর্দ করা হয়।
আটক দুজন হলেন: আবদুল মুবিন ও আমানত খান। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, টাউট উচ্ছেদ কমিটি বিকেল পাঁচটার দিকে আদালত প্রাঙ্গণ থেকে বিভিন্ন মামলার কাগজপত্রসহ দুজনকে আটক করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে ভুয়া সাংবাদিকতা ও মানবাধিকার কর্মীর পরিচয়পত্রও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, ২০০৫ সাল থেকে তারা আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও আইনজীবী পরিচয় দিয়ে বিচারপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে আসছেন। মামলায় জিতিয়ে দেওয়া ও জামিন করানোর নামে এ অর্থ আদায় করতেন। বছর দু-এক আগেও ধরা পড়লে তারা সমিতিতে মুচলেকা দিয়ে ছাড়া পান।
এই দুজনের বিরুদ্ধে টাউট উচ্ছেদ কমিটির আহ্বায়ক মোহাম্মদ রাসেল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।