চট্টগ্রাম এসপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ২ নম্বর গেটে অবস্থিত জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

এ ছাড়া সন্ধ্যা সাতটার দিকে ডিসি হিলের মূল ফটকের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সেখান থেকে নগর গোয়েন্দা পুলিশের সদস্যরা একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় পুলিশ।

নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, কে বা কারা চোরের মতো এসে পুলিশ সুপার কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, ডিসি হিলের মূল ফটকের সামনে অন্ধকারে কারা ককটেল বিস্ফোরণ করেছে, তা কেউ দেখেনি। হয়তো ব্যাটারিচালিত রিকশায় করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।

ডিসি হিলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সরকারি বাসভবন অবস্থিত।