চট্টগ্রাম ও চাঁদপুরে বাস-ট্রাকে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে একটি বাসে ও চাঁদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দেশব্যাপী টানা অবরোধের মধ্যে আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
চট্টগ্রাম: নগরের ষোলশহর এলাকায় সকাল সোয়া আটটার দিকে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ষোলশহর স্টেশনের কাছে একদল যুবক বাসটিতে (চট্টগ্রাম মেট্রো জ-১১-০৫৩২) আগুন দেয়। বাসটি বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। ষোলশহর এলাকায় যাত্রী নামিয়ে দেওয়ার পর এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। সকাল পৌনে নয়টার দিকে তাঁরা আগুন নেভান।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, যাত্রীরা নেমে যাওয়ার পর বাসটিতে আগুন দেওয়া হয়। অবরোধকারীদের পক্ষে কেউ এ কাজ করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

চাঁদপুর: শাহরাস্তির বানিয়াচোঁ এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আজ ভোর ছয়টার দিকে মালবোঝাই একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। এ সময় তারা অপর একটি ট্রাকসহ সিএনজিচালিত কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অবরোধকারীরা ট্রাকটিতে (ঢাকা মেট্রো ট-১৪০৫৯০) আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। একই স্থানে একটি ট্রাক ও সিএনজিচালিত কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা।
ফায়ার সার্ভিসের শাহরাস্তি স্টেশনের মাস্টার নির্মল চন্দ্র সরকার বলেন, পুড়ে যাওয়া ট্রাকটিতে বইসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। ট্রাকটি ঢাকা থেকে চাঁদপুর আসছিল।