চট্টগ্রাম ও ঝিনাইদহে বিএনপির কর্মিসভায় সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ায় বিএনপির কর্মিসভায় সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে l ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় বিএনপির কর্মিসভায় সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে l ছবি: সংগৃহীত

উত্তরের পর এবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কর্মিসভায়ও দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটল। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ির পাশাপাশি কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়। গতকাল বুধবার দুপুরের এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন নেতা-কর্মী।

একই দিন সকালে ঝিনাইদহেও কর্মিসভায় সংঘর্ষে জড়িয়েছেন দলটির নেতা-কর্মীরা। এতে আহত হন অন্তত ১০ জন।

চট্টগ্রামে এর আগের দিন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কর্মিসভায় দুপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হন। চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় বিএনপির কার্যালয় ‘নাসিমন ভবন’ প্রাঙ্গণে ওই ঘটনা ঘটে।

গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কর্মিসভায় সংঘর্ষে আহত ৯ জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পটিয়া পৌর সদরের ইন্দ্রপোল এলাকার এক কমিউনিটি সেন্টারে গতকাল বিকেলে কর্মিসভার আয়োজন করা হয়। সভা শুরুর আধা ঘণ্টা আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ শাহজাহান ও সহসভাপতি এনামুল হকের সমর্থকেরা এ সংঘর্ষে জড়ান। পরে এই সংঘর্ষ কমিউনিটি সেন্টারের বাইরেও ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে কমিউনিটি সেন্টারটি। একপর্যায়ে নেতা-কর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসভা এলাকায় অবরোধ করেন। এ সময় রাস্তার দুপাশে যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে বলে জানান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ।

সংঘর্ষ থামার পর সভা হলেও কেন্দ্রীয় নেতাদের কেউ আর উপস্থিত হননি। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান প্রধান বক্তা ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

এ বিষয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সভাস্থলে যাওয়ার জন্য শহর থেকে আমরা যথাসময়ে রওনা দিয়েছিলাম। খোন্দকার মোশাররফ ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম আমার সঙ্গে ছিলেন। কিন্তু সভাস্থল থেকে বেশ কিছুটা দূরে রাস্তায় প্রতিবন্ধকতার কারণে যেতে পারিনি। সবাই ফিরে আসি। এটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। কাদের কারণে এই ঘটনা ঘটছে, তা আমরা তদন্ত করে দেখব।’

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, কর্মিসভা উপলক্ষেÿকমিউনিটি সেন্টারে তৈরি করা মঞ্চের নিয়ন্ত্রণ ছিল গাজী মোহাম্মদ শাহজাহানের অনুসারীদের কাছে। বেলা তিনটায় সভা শুরু হওয়ার কথা ছিল। এর আধঘণ্টা আগে আড়াইটার দিকে দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হকের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে প্রবেশ করার সময় বাধা দেন শাহজাহানের অনুসারীরা। এ সময় এনামুল ও তাঁর অনুসারীরা জোর করে ভেতরে ঢুকতে চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে আহত এনামুল প্রথম আলোকে বলেন, অনুসারীদের নিয়ে সভাস্থলে ঢোকার সময় গাজী মোহাম্মদ শাহজাহানের অনুসারীরা সশস্ত্র হামলা করেন। তাঁকে হত্যা করাই তাঁদের উদ্দেশ্য ছিল বলে তিনি অভিযোগ করেন।

অবশ্য এ অভিযোগ অস্বীকার করে গাজী মোহাম্মদ শাহজাহান বলেন, এনামের বক্তব্য সঠিক নয়। বিএনপির মধ্যে কিছু দুষ্কৃতকারী ঢুকেছে। বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারাই অনাকাক্ষিত এই পরিস্থিতির সৃষ্টি করেছে।

সংঘর্ষ থামার পর বেলা সাড়ে তিনটার দিকে সভা শুরু হয়। সোয়া এক ঘণ্টার সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদক নুরে আরা সাফা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম, দক্ষিণ জেলার সহসভাপতি ইফতেখার মহসিন, সফিউল আলম, আজিজুল হক, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী প্রমুখ।

চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

ঝিনাইদহে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে গতকাল সকালে বিএনপির কর্মিসভায় হামলা, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দলীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন। এ ছাড়া দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মানবাধিকারবিষয়ক সম্পাদক আইনজীবী আসাদুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক অমিত হাসান, জয়ন্ত কুমার কুন্ডুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কর্মিসভা শুরু হলে শৈলকুপা উপজেলার কিছু নেতা-কর্মী দল বেঁধে সভাস্থলে ঢোকার চেষ্টা করেন। এ সময় জেলা শহরের কিছু নেতা-কর্মী তাঁদের ঢুকতে বাধা দিলে কমিউনিটি সেন্টারের সামনে হট্টগোল শুরু হয়। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়ে জানালার কাচ ভাঙেন। সভাস্থলের ভেতরও এ দুপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি শুরু হয়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ মজিদ বলেন, একটি মহল দলের ক্ষুব্ধ কিছু কর্মীকে উসকে দিয়েছে। তারা নেপথ্যে থেকে এই ভাঙচুর চালিয়েছে, যা খুবই দুঃখজনক।

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, হলরুমে প্রবেশ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ওই সংঘর্ষের সৃষ্টি। পরে পরিস্থিতি শান্ত হলে কর্মিসভা শুরু হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত।