প্রবাসীর পথরোধ করে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা লুটে নেওয়ার অভিযোগে পুলিশ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা, বোয়ালখালী উপজেলা ও বান্দরবানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল বিকেলে গ্রেপ্তার পাঁচ ব্যক্তিকে নগরের ষোলশহরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় প্রেস ব্রিফিং করেন ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুর উদ্দিন (২৫), মোহাম্মদ হেলাল (২৯), মোহাম্মদ শুক্কুর (২২), শেখ কামরুল হাসান (২৩) ও মো. ছাদেক রেজা (২৩)। পুলিশ জানায়, তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দুটি গুলিসহ একটি দেশি বন্দুক এবং প্রবাসীর কাছ থেকে লুণ্ঠিত সাড়ে ছয় হাজার সৌদি রিয়ালের মধ্যে ৭০০ রিয়াল, একটি ব্রিফকেস ও কিছু মাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, ৩ সেপ্টেম্বর রাত ১০টায় সৌদি আরব থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা বশিরুল আলম। এরপর তিনি মাইক্রোবাস ভাড়া করে বিমানবন্দর থেকে চকরিয়ার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া উপজেলার মোজাফফরাবাদ এলাকায় মাইক্রোবাসের গতিরোধ করেন ডাকাতেরা। এরপর তাঁরা বশিরুলকে বোয়ালখালীর শাকপুরা নুরুল হক ডিগ্রি কলেজের সামনে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মালামালসহ দুটি ব্রিফকেস, সাড়ে ছয় ভরি গয়না ও সাড়ে ছয় হাজার সৌদি রিয়াল নিয়ে যান।
গতকাল প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ডাকাতেরা সাড়ে ছয় ভরির মধ্যে আড়াই ভরি সোনা বিক্রি করে দিয়েছেন।