চট্টগ্রাম কলেজে আজ ও কালকের ক্লাস স্থগিত
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম কলেজে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারের ক্লাস স্থগিত করা হয়েছে। তবে উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ও ব্যবহারিক পরীক্ষা হবে।
কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ও ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্লাস দুদিনের জন্য স্থগিত করা হয়েছে। এ সময় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থী ও পরীক্ষার্থী ছাড়া কাউকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, ক্যাম্পাসের নিরাপত্তার জন্য দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত শনি ও রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়।