ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ায় ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক
চট্টগ্রাম কলেজে আবারও সংঘর্ষ

চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে গতকাল রোববার দুপুরে আবারও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে আহতরা হলেন খাদেমুল ইসলাম, কণিক বড়ুয়া, জামাল উদ্দিন ও খন্দকার নাইমুল। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কলেজে ক্যাম্পাসে গতকাল সকাল থেকেই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছিলেন। বেলা একটার দিকে হঠাৎ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী নেতা-কর্মীরা ক্যাম্পাসে ঢুকে মিছিল করতে থাকেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধারওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ফাঁকা গুলির শব্দ শোনা যায়। সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম কলেজের মূল ফটকের দুটি কাচ ভাঙচুর করা হয়। এ সময় কলেজের সামনের সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ এসে দুই পক্ষের নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এ সময় মেয়র নাছিরের অনুসারী নেতা-কর্মীরা ক্যাম্পাস থেকে কিছুটা দূরে গণি বেকারির দিকে সরে যান। বেলা আড়াইটার দিকে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা ক্যাম্পাস ও পাশের সড়কে মিছিল করেন।
চট্টগ্রাম কলেজে সংঘর্ষের সময় পাশের হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী নেতা-কর্মীরা মিছিল নিয়ে চট্টগ্রাম কলেজের উল্টো দিকে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতার কারণে নেতা-কর্মীরা কলেজ থেকে বের হতে পারেননি।
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা মাহমুদুল করিম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে স্লোগান দিচ্ছিলাম। ওরা একটি মিছিল নিয়ে এসে উসকানি দিয়ে মারামারিতে লিপ্ত হয়।’
সংঘর্ষের বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, ‘আমরা এসে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়েছি। দৌড়াদৌড়ি ও ইট-পাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হয়।’ গুলির বিষয়ে ওসি বলেন, ‘কয়েকটি গুলির শব্দ শুনেছি। তবে কারা করেছে জানি না।’
এদিকে পাল্টাপাল্টি ধাওয়ার সময় একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকেরা চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ক্যাম্পাসে আটকা পড়েন। এ সময় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শামসুন নাহার নামে এক অভিভাবক বলেন, ‘মেয়েকে ভর্তি করাতে এসে দেখি এখানে যুদ্ধাবস্থা। পরে আমরা একটি কক্ষের মধ্যে ঢুকে পড়ি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুত বের হয়ে যাই।’
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার সাংবাদিকদের বলেন, ছাত্রদের দুই পক্ষের মধ্যে ঝামেলা হলেও ভর্তি কার্যক্রমে কোনো সমস্যা হয়নি।
সংঘর্ষের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ইয়াসির আরাফাত বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সাধারণ শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাক সেটা ছাত্রলীগ চায় না। আমরা আমাদের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে একটি সমাধানে পৌঁছাব।’
গত বছরের ১৬ ডিসেম্বর চট্টগ্রাম কলেজ শিবিরের নিয়ন্ত্রণমুক্ত করার পর থেকে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। গত শনিবার সেখানে আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা মিছিল করার চেষ্টা করেন। গতকালও তাঁরা কলেজে মিছিল করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশের এক কর্মকর্তা বলেন, মূলত শনিবারের ঘটনার জের ধরেই গতকালের ঘটনা ঘটেছে। কেউ কাউকে সহ্য করতে পারছে না।
টানা দুই দিন চট্টগ্রাম কলেজে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ বলেন, ‘চট্টগ্রাম কলেজের ঘটনাটি দুঃখজনক। বহিরাগত কিছু ছেলে মিছিল নিয়ে ঢোকার কারণে এ ঘটনা ঘটছে। বহিরাগতদের বিষয়ে পুলিশ ব্যবস্থা নিক। আমরা সাংগঠনিকভাবে একটা সমাধান করব। এখানে মহিউদ্দিন ভাইও কেন আসবে, নাছির ভাইও কেন আসবে? কলেজে কোনো ভাইয়ের নামে স্লোগান দেওয়া নিষেধ।’ তিনি বলেন, ‘কলেজে কোনো নেতার অনুসারী নেই। কেউ মহিউদ্দিন ভাইকে বেশি ভালোবাসেন আবার কেউ হয়তো নাছির ভাইকে বেশি ভালোবাসেন। এটাকে অনুসারী কিংবা আধিপত্যবাদ বলবেন না আপনারা।’