চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে চারজন আহত হয়েছেন।
আজ রোববার দুপুরের দিকে কলেজের ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে বসা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি মারামারিতে গড়ায়।
আহত চারজন হলেন খাদেমুল ইসলাম, আবদুল্লাহ আল সায়মন, কায়সার উদ্দিন ও মনির উদ্দিন। তাঁরা ইংরেজি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলেজ সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলামের অনুসারী কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এই মারামারির ঘটনা ঘটেছে।
মহিউদ্দিন চৌধুরীর অনুসারী দাবি করা মনিরুল ইসলামের ভাষ্য, ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে কয়েকজন ছাত্র টেবিলের ওপর পা তুলে বসে ছিলেন। পা নামিয়ে বসতে বললে তাঁরা হামলা চালান। এতে তিনজন আহত হন।
নুরুল ইসলামের অনুসারী দাবি করে সুভাষ মল্লিক বলেন, সেমিনার কক্ষে তাঁদের কর্মীদের ওপর প্রতিপক্ষের লোকজন অতর্কিতে হামলা চালান।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, সেমিনার কক্ষে বসা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। এতে চারজন সামান্য আহত হয়েছেন। বর্তমানে কলেজের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।