চট্টগ্রাম কলেজে ঢুকে ছাত্রলীগ কর্মীদের মারল বহিরাগতরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ঢুকে বহিরাগতরা ছাত্রলীগের কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জের ধরে চট্টগ্রাম কলেজের সামনের সড়ক গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন ছাত্রলীগের কর্মীরা। এতে জামালখান থেকে চকবাজারমুখী এই সড়কের দুই দিকে যানজট দেখা দেয়।
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সংগঠক মাহমুদুল করিম প্রথম আলোর কাছে দাবি করেন, গতকাল বেলা একটার দিকে কলেজের পাশের চকবাজার এলাকা থেকে বহিরাগত ১০-১৫ জন যুবক ক্যাম্পাসে প্রবেশ করেন। তাঁরা কলেজের পশ্চিম গেট এলাকায় ছাত্রলীগের তিন কর্মীকে মারধর করে চলে যান। এর প্রতিবাদে বেলা দুইটার দিকে নেতা-কর্মীরা কলেজের মূল প্রবেশ ফটকের সামনের সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
এর আগে গত ২৩ এপ্রিল চট্টগ্রাম কলেজের বিপরীত পাশে অবস্থিত হাজী মুহাম্মদ মুহসীন কলেজে গিয়ে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান ওমরগণি এমইএস কলেজের ছাত্রলীগের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নগরের ব্যস্ততম সড়ক থেকে অবরোধ তুলে নিতে ছাত্রলীগের নেতা-কর্মীদের অনুরোধ করে পুলিশ। একপর্যায়ে জোর করে তাঁদের অবরোধ তুলে দেওয়ার চেষ্টা হয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান ছাত্রলীগের কর্মীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয় ছাত্রলীগ।
কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা অভিযোগ করেন, বহিরাগত যুবকেরা চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফার অনুসারী। অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন নুরুল মোস্তফা। তিনি প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম কলেজে বহিরাগতদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের কোনো মারামারির ঘটনা ঘটেনি। বরং মাহমুদুল করিম ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র শিহাবউদ্দিনকে মারধর করেছেন। এই অভিযোগ ঢাকার জন্য সড়ক অবরোধের নাটক করেছেন তিনি।’ তবে মাহমুদুল করিম এই অভিযোগ অস্বীকার করেছেন।
শিক্ষার্থীদের সড়ক অবরোধের বিষয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি এখন ঢাকায় অবস্থান করছি। ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি। তবে বিস্তারিত কিছু জানি না।’
নগর পুলিশের সহকারী উপকমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির জের ধরে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের কোনোভাবে অবস্থান করতে দেওয়া হবে না বলে জানান তিনি।