চট্টগ্রাম কলেজে ফের ছাত্রলীগের মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজে নগর আওয়ামী লীগের ‍দুই শীর্ষ নেতার অনুসারীদের মধ্যে আজ রোববার দুপুরে আবারও ধাওয়া-পাল্টাধাওয়া এবং মারামারির ঘটনা ঘটেছে। মারামারি চলাকালে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। সংঘর্ষে কয়েকজন সামান্য আহত হয়েছেন। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা বিপাকে পড়েন।

আহত ব্যক্তিরা হলেন খাদেমুল ইসলাম, কণিক বড়ুয়া, জামাল উদ্দিন ও খন্দকার নাইমুল। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল শনিবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে সকাল থেকেই মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা অবস্থান নিয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছিলেন। বেলা একটার দিকে হঠাৎ করে মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা ক্যাম্পাসে ঢুকে মিছিল করতে থাকে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় কয়েকটি ফাঁকা গুলির শব্দও পাওয়া যায়। সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম কলেজের মূল ফটকের কাচ ভাঙচুর করা হয়। রাস্তায় যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ এসে মহিউদ্দিন চৌধুরীর পক্ষের অনুসারীদের কলেজের ভেতরে এবং আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের গণি বেকারির দিকে সরিয়ে দেয়। বেলা আড়াইটার দিকে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা ক্যাম্পাসে মিছিল করেন। মিছিলটি মূল সড়ক হয়ে পুনরায় প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে ঢোকে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা এসে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়েছি। দৌড়াদৌড়ি ও ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হন। অতিরিক্ত প্রায় ৩০ জন পুলিশ রয়েছে এখানে।
গুলির বিষয়ে ওসি বলেন, ‘কয়েকটি গুলির শব্দ শুনেছি। তবে কারা করেছে জানি না।’

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় পাশের হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা মিছিল নিয়ে মূল ফটকে চলে আসে। পুলিশ তাঁদের মহসিন কলেজের ভেতরে ঢুকিয়ে দেয়।
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম। ওরা একটি মিছিল নিয়ে এসে উসকানি দিয়ে মারামারিতে লিপ্ত হয়।’

বিপাকে ভর্তি-ইচ্ছুকেরা
ধাওয়া-পাল্টাধাওয়ার সময় কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকেরা দুই ক্যাম্পাসে আটকা পড়েন। আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবক ও শিক্ষার্থীরা। বেলা দুইটা থেকে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে দুই কলেজে আটকা পড়া ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বের হন।
শামসুন নাহার নামের এক অভিভাবক জানান, ‘মেয়েকে ভর্তি করাতে এসে দেখি এখানে যুদ্ধাবস্থা। পরে আমরা একটি কক্ষের মধ্যে ঢুকে পড়ি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বের হই ওখান থেকে।’
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার সাংবাদিকদের বলেন, ছাত্রদের দুই পক্ষের ঝামেলায় ভর্তি কার্যক্রমে কোনো সমস্যা হয়নি।