চট্টগ্রামে দুই কলেজে অস্ত্র উদ্ধারের দাবি, আটক ৮১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সরকারি কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রাবাসে পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আটক কয়েকজনকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি আজ সকাল আটটার দিকে হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের দুটি সরকারি কলেজে অভিযান চালিয়েছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সেখান থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করার দাবি করা হয়েছে। ছাত্রশিবির সন্দেহে আটক করা হয়েছে ৮১ জনকে। 
চট্টগ্রাম সরকারি কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজে এ অভিযান চালানো হয়। 
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার ভোর রাত পর্যন্ত ছাত্রশিবির-নিয়ন্ত্রিত চট্টগ্রাম সরকারি কলেজে অভিযান চালানো হয়। এরপর পাশের হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজে অভিযান শুরু হয়। 
নগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, চট্টগ্রাম কলেজে অভিযান চালিয়ে একটি একে-২২ রাইফেল, একটি থ্রি নট থ্রি রাইফেল, তিনটি পিস্তল, তিনটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, পাঁচটি রকেট ফ্লেয়ার, ৬১টি কার্তুজ ও ২৭টি গুলি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো কলেজের ছাত্রাবাসের পাশে মাটির নিচে বস্তার ভেতর রাখা ছিল। অস্ত্রের সঙ্গে মানবতাবিরোধী অপরাধে দণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে লেখা ব্যানারও ছিল। কলেজের দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ৭২ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। 

চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্রাবাসের পাশে মাটির নিচ থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করার দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবিটি আজ সকাল আটটায় তোলা। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্রাবাসের পাশে মাটির নিচ থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করার দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবিটি আজ সকাল আটটায় তোলা। ছবি: সৌরভ দাশ

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. আনোয়ার হোসেন দাবি করেন, হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজের পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি ছাত্রাবাসের কক্ষ থেকে পাঁচটি ধারালো অস্ত্র, আধা কেজি গান পাউডার, ককটেল ও পেট্রলবোমা তৈরির সরঞ্জাম এবং পেট্রলবোমা তৈরির ৮০টি খালি বোতল উদ্ধার করা হয়েছে। কলেজের পাশে পাহাড়ি জঙ্গল থেকে ছাত্রশিবিরের নয়জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। 
ডিবি জানায়, দুই কলেজ থেকে আটক হওয়া ৮১ জনকে নগরের কোতোয়ালি ও পাঁচলাইশ থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে।