চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১
চট্টগ্রাম সরকারি কলেজের দুটি ছাত্রাবাসে আজ বৃহস্পতিবার দুপুরে কয়েক দফা তল্লাশি চালায় পুলিশ। এ সময় পুলিশ ককটেল, পেট্রল বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও বিপুলসংখ্যক দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সোহ্রাওয়ার্দী ও শেরেবাংলা হোস্টেল এবং আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কলেজের এমএলএসএসের দায়িত্বে নিয়োজিত মহিউদ্দিন মাসুদকে আটক করে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) কামরুল আমীন প্রথম আলোকে বলেন, ‘আমরা চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ পেয়ে কলেজ ক্যাম্পাসে আসি। পরে কলেজের দুটি হোস্টেলে অভিযান চালিয়ে ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব। হোস্টেল ও ক্যাম্পাস এলাকায় আমাদের নিয়মিত টহল অব্যাহত থাকবে।’
ছাত্রাবাস বন্ধের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে উপপুলিশ কমিশনার বলেন, এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে ইতিহাস বিভাগের নতুন দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান সিদ্দিকুল্লাহ খানকে শুভেচ্ছা জানাতে যান ছাত্রলীগের কর্মীরা। খবর পেয়ে শিবিরের কর্মীরা সেখানে গিয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং ওই বিভাগের চার ছাত্রলীগ কর্মী জয়নাল আবেদীন, ওয়াহেদ, নাফিজ ও সঞ্জয় চাকমাকে অন্যত্র নিয়ে যান।
আহত জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম কলেজে শিবির ছাড়া অন্য কেউ শুভেচ্ছা জানাতে পারবেন না, এমন দাবি তোলেন শিবিরের কয়েকজন নেতা-কর্মী। আমরা কেন এখানে শুভেচ্ছা জানাতে এসেছি, জানতে চেয়ে তাঁরা আমাদের ধরে নিয়ে যান সোহ্রাওয়ার্দী হোস্টেলে। সেখানে নিয়ে গালাগাল ও মারধর করে ছেড়ে দেওয়া হয় আমাদের।’
পুলিশের তল্লাশি: পুলিশ প্রথমে সোহ্রাওয়ার্দী হোস্টেলের কয়েকটি কক্ষে তল্লাশি চালায়। এখান থেকে বিভিন্ন ধর্মীয় বই, পোস্টার, শিবিরের মাসিক প্রতিবেদনের ছাপানো কপি উদ্ধার করে তারা। দুপুর দেড়টার দিকে সোহ্রাওয়ার্দী হলের দোতলার বাথরুমের ভেতর একটি বস্তা থেকে বেশ কয়েকটি পেট্রল বোমা উদ্ধার করা হয়। প্রায় আধঘণ্টা পরে একই হলের সিঁড়ির পাশের স্টোররুমের তালা ভেঙে উদ্ধার করা হয় ছয়টি তাজা ককটেল, ৩০টি জর্দার কৌটা, হলুদ রঙের প্রায় তিন কেজি বিস্ফোরক তৈরির পাউডার ও ২০টি কাচের বোতল। এ সময় স্টোররুমের পর্যবেক্ষণে নিয়োজিত কলেজের কর্মচারী মহিউদ্দিন মাসুদকে আটক করা হয়। তিনি নিজেকে কলেজের এমএলএসএস পরিচয় দিয়ে বলেন, এসব বিম্ফোরক সম্পর্কে আমার কোনো ধারণা নেই।
বেলা আড়াইটার দিকে শেরেবাংলা হোস্টেলের ডাইনিং রুমের পাশে পরিত্যক্ত একটি কক্ষে তল্লাশি চালিয়ে কয়েক বস্তা দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে রয়েছে চারটি ধারালো ছুরি, পাঁচটি রামদা, ছয়টি কিরিচ ও ছয়টি লোহার পাইপ।
শেরেবাংলা হোস্টেলের তত্ত্বাবধায়ক একরামুল হক বলেন, ‘এসব আগ্নেয়াস্ত্রের ব্যাপারে আমি কিছুই জানি না। তা ছাড়া আমার দায়িত্বের মেয়াদও ইতিমধ্যে শেষ হয়ে গেছে।’