ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগে হওয়া মামলায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ব্যবসায়ী হাবিবুর রহমানের লাশ উত্তোলন করা হয়েছে। ঘটনার ৪০ দিন পর ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার লাশটি তোলা হলো।
লাশ তোলার সময় ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চিত্রা শিকারি ছিলেন। এর আগে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার বাসিন্দা হাবিবুরকে ট্রেন থেকে ফেলে হত্যার অভিযোগে ১৭ মে চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেন তাঁর ভাই আয়ুব হোসেন। এতে রেলওয়ে পুলিশের (জিআরপি) ১১ সদস্য ও চট্টগ্রাম প্ল্যাটফর্ম রেলওয়ে স্টেশনমাস্টারসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি হলেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম। অন্য আসামিদের মধ্যে আছেন চট্টগ্রামের সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল আলম, কনস্টেবল মো. নাজিম, চট্টগ্রাম রেলওয়ে
থানার সহকারী উপরিদর্শক (এএসআই) মশিউর রহমান, কনস্টেবল মিথিল, জাকির মিয়া, চাঁদপুর রেলওয়ে থানার এসআই আবদুর রউফ, এএসআই দুলাল চন্দ্র, কনস্টেবল আল আমিন, মাহের মিয়া, নাসির মিয়া, চট্টগ্রাম প্ল্যাটফর্ম স্টেশনমাস্টার প্রহ্লাদ চন্দ্র দে, আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) এস এ ঘোষ, অ্যাটেনডেন্ট দুলাল চন্দ্র রায়, আবদুল কাদির, সাইদুল রহমান, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন ও নিক্সন চাকমা।
মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত চলছে। লাশ তোলা তদন্তের গুরুত্বপূর্ণ একটি অংশ। এখন আমরা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় থাকব।’
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা বলেন, হাবিবুরের বাড়ি ভৈরব। ২০ বছর ধরে সপরিবারে তিনি চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারে বাস করছেন। চট্টগ্রামে তিনি মুদ্রা বিনিময়ের ব্যবসা করেন। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নাম সাথী মানি এক্সচেঞ্জ। ব্যবসার প্রয়োজনে তিনি ১ মে চট্টগ্রাম থেকে আন্তনগর মেঘনা এক্সপ্রেসে করে চাঁদপুর যাচ্ছিলেন। তাঁর কাছে দেশি ও বিদেশি মুদ্রাসহ প্রায় ১৭ লাখ টাকা ছিল। ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন পার হওয়ার সময় কয়েকজন পুলিশ সদস্য হাবিবুরের ব্যাগ তল্লাশি করেন। তাঁরা হাবিবুরকে টয়লেটের কাছে নিয়ে যান। সেখানে নিয়ে টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা হাবিবুরকে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে পিটিয়ে ব্যাগটি ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেন। সন্ধ্যায় সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে হাবিবুরের লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে রাতেই স্ত্রী-সন্তানেরা সীতাকুণ্ড রেলওয়ে থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। পরদিন বিনা ময়নাতদন্তে লাশ ভৈরব এনে পৌর কবরস্থানে দাফন করা হয়।
ওই ঘটনায় ৩ মে জাহিদ আলী চৌধুরী নামের এক ব্যক্তি তাঁর ফেসবুক পেজ থেকে হাবিবুরের লাশ পড়ে থাকার ছবি দিয়ে একটি পোস্ট দেন। সেখানে প্রত্যক্ষদর্শী এক কৃষকের বরাত দিয়ে হাবিবুরকে ট্রেনে থেকে ফেলে হত্যা করার কথা উল্লেখ করা হয়। এটি দেখার পর হাবিবুরের পরিবারের সদস্যরা ট্রেনের কয়েকজন যাত্রী ও রেলওয়ের কর্মরতদের মাধ্যমে জানতে পারেন, জিআরপি পুলিশ হাবিবুরকে পিটিয়ে ট্রেন থেকে ফেলে দেন। জাহিদকে মামলার সাক্ষী করা হয়েছে।
বাদী আয়ুব হোসেন বলেন, ‘সীতাকুণ্ড থানায় যাওয়ার পর পুলিশ আমাদের ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে অনুরোধ করেন। তখন বিষয়টি বুঝতে না পেরে রাজি হই। সে সময় আমাদের কাছ থেকে সাদা কাগজে সই নেয় পুলিশ। জব্দতালিকা করার সময় আমার ভাইয়ের সঙ্গে ১৭ লাখ টাকা ছিল বলে জানানো হয়। পরে আমাদের ৮০ হাজার টাকা দেওয়া হয়।’
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম গতকাল বলেন, ‘ঘটনার দিন আমি ট্রেনে কর্তব্যে ছিলাম না। মূলত পরিবারের সদস্যের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দিয়েছিলাম।’
সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ি এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তির মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। খবর পাওয়ার পর আমরা দ্রুত লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম। ঠিক কী কারণে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হলো ধারণা করতে পারছি না।’