চট্টগ্রাম জেনারেল হাসপাতাল: কেনাকাটায় 'সাগর চুরি'
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় ‘সাগর চুরি’ হয়েছে বলে মত দিয়েছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। দুর্নীতি ও অনিয়ম তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ওপর আলোচনায় তাঁরা এই মত দেন। দুর্নীতির বিষয়ে অধিকতর তদন্তপূর্বক ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে জেনারেল হাসপাতালে সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাংসদ জিয়াউদ্দিন আহমেদ। সেখানে তদন্ত কমিটির প্রধান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সাংসদের হাতে প্রতিবেদন তুলে দেন। পরে মেজবাহ উদ্দিন তদন্ত প্রতিবেদন এবং এর খুঁটিনাটি তুলে ধরেন। প্রতিবেদনে সাবেক সিভিল সার্জন ও হাসপাতালটির তত্ত্বাবধায়ক সরফরাজ খান চৌধুরীর বিরুদ্ধে কেনাকাটায় অনিয়মের অভিযোগ আনা হয়।
আলোচনা শেষে সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বলেন, এই তদন্ত প্রতিবেদন থেকে বোঝা যায়, যন্ত্রপাতি কেনাকাটায় কয়েকটি অনিয়ম হয়েছে। যন্ত্রপাতি কেনায় গণখাতে ক্রয়বিধি পিপিআর-০৮ অনুসরণ করা হয়নি। একই ব্যক্তি তৎকালীন সিভিল সার্জন (ডা. সরফরাজ খান চৌধুরী) একসঙ্গে ক্রয়সংক্রান্ত তিনটি কমিটির প্রধান ছিলেন। এটা ক্রয়বিধির লঙ্ঘন। আর মালামাল নির্মাতা প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট থেকে নেওয়া হয়নি।
তদন্ত প্রতিবেদনের ওপর আলোচনা করে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘অধিকতর তদন্ত করার জন্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে বলব। দুদকেও চিঠি পাঠাব। এর পেছনে আরও যদি কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।’
জেলা প্রশাসক বলেন, কেনাকাটার জন্য গঠিত কারিগরি উপকমিটির সভায় প্রধানের (সরফরাজ খান) সই ছাড়া বাকি তিন সদস্যের সই নেই। তাহলে ওই সভার ভিত্তিতে কীভাবে যন্ত্রপাতি কেনা হলো?
তদন্ত প্রতিবেদনে বলা হয়, জেনারেল হাসপাতালে ২০১৪-১৫ অর্থবছরে বাজেট বরাদ্দের বাইরেও যন্ত্রপাতি কেনা হয়েছে। এ ছাড়া চাহিদাপত্রের বাইরেও দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রসহ বেশ কিছু যন্ত্রপাতি কেনা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে ২ কোটি ৮০ লাখ টাকা দামের এমআরআই মেশিন ৯ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকায় এবং সাড়ে ২৪ লাখ টাকার হিটাচি কালার ড্রপলার মেশিন ৬৫ লাখ টাকায় কেনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ১০ ধরনের যন্ত্রপাতি অত্যন্ত অস্বাভাবিক অধিক মূল্যে কেনা হয়েছে বলে মত ব্যক্ত করা হয়।
তদন্ত কমিটির সদস্যসচিব সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, এই যন্ত্রপাতি কেনাকাটা আরব্য উপন্যাসের মতো একটি ব্যাপার। এখানে চরম দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।
তদন্ত কমিটির সদস্য বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী যন্ত্রপাতি কেনাকাটায় ‘সাগর চুরি’ হয়েছে উল্লেখ করে সভায় বলেন, ১৫ হাজার টাকার ব্লাড ওয়ারমার মেশিন কেনা হয়েছে ৯ লাখ ৩২ হাজার টাকায়। একইভাবে কান পরীক্ষার জন্য অটোস্কোপ মেশিন কেনা হয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকায়। অথচ এই মেশিনের দাম ১০ হাজার টাকা। এ সময় ফয়সাল ইকবাল সংশ্লিষ্ট মেশিনগুলো প্রদর্শন করে দেখান।
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘১৫ হাজার যন্ত্র কেনা হলো ৯ লাখ ৩২ হাজার টাকায়’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তখন এসব অভিযোগের বিষয়ে সাবেক সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেছিলেন, ‘সব কেনাকাটা পিপিআর মেনেই হয়েছে। আমি কোনো অনিয়ম করিনি।’
সভায় হাসপাতালে সেবার মান বৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেবার মান তদারক করার জন্য একটি পরিদর্শন কমিটি গঠন করা হয়।
সভায় সিভিল সার্জন বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম, জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক মুরশিদ আরা বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ আলোচনায় অংশ নেন।