চট্টগ্রাম থেকে অপহৃত প্রবাসীকে মহেশখালী থেকে উদ্ধার
চট্টগ্রাম থেকে অপহৃত এক প্রবাসীকে কক্সবাজারের মহেশখালী উপজেলার পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া পূর্ব পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের চকবাজারের মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি কর্ণফুলী থানার ইছানগর এলাকায় ফিরছিলেন প্রবাসী মোহাম্মদ শহিদ (৫৫)।এ সময় অপহরণকারীরা তাঁকে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তাঁর ছোট মেয়ের মুঠোফোনে যোগাযোগ করে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা টাকা না দিলে মোহাম্মদ শহিদকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় অপহৃত ব্যক্তির মেয়ে শুক্রবার সকালে চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ সূত্রমতে, একপর্যায়ে অপহরণকারীদের ১৫ লাখ টাকা মুক্তিপণ দিতে রাজি হয় প্রবাসীর পরিবার। র্যাব ও পুলিশকে জানিয়ে প্রবাসী ব্যক্তির পরিবারের সদস্যরা মুক্তিপণের টাকা দিতে গত রোববার বেলা দুইটার দিকে চকরিয়া উপজেলার বদরখালী সেতু এলাকায় যান। কিন্তু র্যাব ও পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা মুক্তিপণের টাকা নিতে আসেনি। এদিকে মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। পরে রোববার বেলা তিনটা থেকে অপহৃত প্রবাসীকে উদ্ধারে পুলিশ মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া পূর্ব পাহাড়ি এলাকায় অভিযান চালায়। রাত ১০টায় পাহাড়ি এলাকা থেকে শহিদকে উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
প্রবাসী মোহাম্মদ শহিদ বলেন, মুক্তিপণের জন্য অপহরণকারীরা চার দিন ধরে তাঁর ওপর নানাভাবে নির্যাতন চালায়।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, প্রবাসী শহিদকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, অপহরণকারী চক্রের সদস্যদের ধরতে নানাভাবে চেষ্টা চলছে।