চট্টগ্রাম থেকে অপহৃত শিশু কক্সবাজারে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে অপহৃত এক শিশুকে কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে। তার নাম মো. জিহাদ (৫)। আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজারের ঈদগা এলাকার একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমি আক্তার নামের এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় শিশুটির মায়ের সঙ্গে সাবলেট হিসেবে থাকতেন সুমি আক্তার। তাঁরা দুজনই পোশাক কারখানায় কাজ করেন। গতকাল শনিবার শিশুটির মা শিশুটিকে বাসায় এক পরিচিত বৃদ্ধার কাছে রেখে কারখানায় চলে যান। এ সময় সুমি আক্তার কৌশলে শিশুটিকে কোলে নিয়ে বাসার ভেতর ওই বৃদ্ধাকে তালা মেরে চলে যান। পরে মুঠোফোনে একলাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযানে নামে পুলিশ। পরে গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের ঈদগা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় সুমি আক্তারকে।