চট্টগ্রাম থেকে অপহৃত শিশু কক্সবাজারে উদ্ধার
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।
শিশুটির নাম সোমাইয়া আকতার ওরফে তাহি (আড়াই বছর)। তাহি চট্টগ্রাম নগরের হালিশহরের আবু সুলতানের মেয়ে।
পুলিশ জানায়, গত সোমবার দুপুরে চট্টগ্রামের হালিশহরের বাসার সামনে খেলা করার সময় দুর্বৃত্তরা তাহিকে অপহরণ করে। এরপর মুক্তিপণ হিসেবে ১২ লাখ টাকা দাবি করে তারা। পরে তাহির বাবা আবু সুলতান বিষয়টি বন্দর থানার পুলিশকে জানান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, গতকাল ভোরে পুলিশ কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার মনজুর আলমের বাড়ি থেকে তাহিকে উদ্ধার করে। অভিযানে বন্দর থানার পুলিশও অংশ নেয়। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক মনজুর আলম ও তাঁর ভাতিজি সুমি আকতারকে আটক করে।
পুলিশের সূত্রমতে, চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা জাহেদ হোসেন মুক্তিপণের জন্য শিশুটিকে অপহরণ করে ঈদগাঁওয়ে এনে প্রেমিকা সুমি আকতারের কাছে রাখেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুসহ আটক দুজনকে বন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।