চট্টগ্রাম থেকে অপহৃত স্কুলছাত্র খাগড়াছড়িতে উদ্ধার, গ্রেপ্তার ৬
চট্টগ্রামের হাটহাজারী থেকে অপহৃত এক স্কুলছাত্রকে গতকাল শনিবার খাগড়াছড়ির গুইমারা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শোয়েব আকতার ওরফে আপন (১২) নামের ওই স্কুলছাত্রকে ১৩ জানুয়ারি হাটহাজারীর লাঙ্গলমোড়া প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন জেসমিন ভবন থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা ওই বাড়ি থেকে দুটি মুঠোফোন সেট, একটি স্মার্টওয়াচ ও কিছু টাকা নিয়ে যায়।
শোয়েব হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, অপহরণের ঘটনায় মো. নুর উদ্দিন, মো. নুরুদ্দীন, বিপ্লব নাথ, অপু দাশ, মো. ওসমান ও মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা প্রথম আলোকে বলেন, ‘১৩ জানুয়ারি সন্ধ্যায় শোয়েবকে সন্ত্রাসীরা অপহরণ করে। অপহরণের নেতৃত্ব দেয় মো. নুর উদ্দিন। সে এর আগেও একটি অপহরণের ঘটনায় এক কোটি টাকা মুক্তিপণ আদায় করেছিল বলে আমাদের কাছে তথ্য আছে। তার বিরুদ্ধে হাটহাজারী ও ফটিকছড়ি থানায় ১০টি মামলা আছে।’ মশিউদ্দৌলা রেজা আরও বলেন, মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের জন্য অপহরণকারীরা সোয়েবকে অপহরণ করে। কিন্তু ঘটনার পর পুলিশের তৎপরতার কারণে অপহরণকারীরা মুক্তিপণ দাবি ও সোয়েবের ক্ষতি করার সাহস পায়নি। এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল জানান, গুইমারার আমতলী এলাকার একটি বাড়ি থেকে সোয়েবকে উদ্ধার করা হয়।