চট্টগ্রাম থেকে এসি বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর থেকে গত শুক্রবার রাতে দূরপাল্লার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস যাত্রী পরিবহন শুরু করেছে।
গতকাল দিনভর নগরের পরিস্থিতি স্বাভাবিক ছিল। অবরোধের কোনো প্রভাব নগরে পড়তে দেখা যায়নি। মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যাও বেড়েছে।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, শুক্রবার রাতে শীতাতপ নিয়ন্ত্রিত কিছু বাসে যাত্রী পরিবহন শুরু হয়েছে। মহাসড়কে পুলিশ, র্যাব ও বিজিবির পাহারা জোরদার হওয়ার পর দিনের বেলায় সাধারণ যাত্রীবাহী গাড়িও চলাচল বেড়েছে। রাতের দিকে বাস পুলিশ পাহারায় ঢাকায় রওনা হচ্ছে এবং ফিরে আসছে।
মহাসড়কে চাহিদার তুলনায় যাত্রীবাহী বাস চলাচল কম করছে, তাই ট্রেনের ওপর চাপ এখনো অব্যাহত আছে। গতকাল মহানগর প্রভাতীর যাত্রা বাতিল হওয়ার কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
লাগাতার অবরোধের পঞ্চম দিনে গতকাল শনিবার চট্টগ্রামে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে গতকাল সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে বহদ্দারহাট কাঁচাবাজারের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশায় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার শরীফুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের ছোড়া ককটেল থেকে অটোরিকশায় আগুন লেগে যায়। দ্রুত সময়ে আগুন নেভানো হয়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।