চট্টগ্রাম থেকে চুরি করা মোটরসাইকেল ফেনীতে উদ্ধার
চট্টগ্রাম থেকে চুরি হওয়ার এক দিনের মধ্যে ফেনী থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আশরাফুল ইসলাম। গতকাল মঙ্গলবার ভোরে ফেনী সদরের মজলিসপুর এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, গত সোমবার ভোরে বাস্তুহারা বার্মা কলোনির বাসিন্দা কবির হোসেনের মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার আশরাফুল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফেনী থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল স্বীকার করেছেন, চুরি করে মোটরসাইকেলটি ফেনীতে তাঁর নানার বাড়িতে রেখে আসেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।