চট্টগ্রাম বন্দর থেকে দরপত্র শিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগে নগর ছাত্রলীগের সহসভাপতি রাহুল বড়ুয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার বন্দর থানায় এ মামলা করা হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান সামস মেরিন সার্ভিসেসের ব্যবস্থাপক মো. আবদুল মালেক বাদী হয়ে এ মামলা করেন। মামলায় রাহুলসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, শিডিউল ছিনিয়ে নেওয়া ও মারধরের অভিযোগে এ মামলা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার বন্দর ভবনের তৃতীয় তলায় নৌবিভাগের তত্ত্বাবধায়কের কক্ষ থেকে শিডিউল কিনে বের হওয়ার সময় রাহুলসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জন আবদুল মালেককে মারধর করে। একপর্যায়ে তারা শিডিউল ছিনিয়ে নেয়। এ সময় তারা প্রতিষ্ঠানের মালিককে প্রাণনাশের হুমকি দেয়।
তবে দরপত্র শিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন নগর ছাত্রলীগের সহসভাপতি রাহুল বড়ুয়া। প্রথম আলোর কাছে তিনি দাবি করেন, বন্দর ভবনে কোনো প্রতিষ্ঠানের দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঠিক নয়।