চট্টগ্রাম নগর ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌঘাটের ইজারা নিয়ে চট্টগ্রামের আন্দরকিল্লায় নগর ভবনের সামনে ছাত্রলীগের সাবেক দুই নেতার অনুসারীদের সংঘর্ষের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত কোনো মামলা হয়নি।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নৌঘাটের ইজারার দরপত্র ফরম বিক্রি নিয়ে সিটি করপোরেশনের ভেতর কোনো ঘটনা ঘটেনি। তাই কোনো মামলা করা হয়নি। নৌঘাটের ইজারার দরপত্র ফরম বিতরণ ও জমা দেওয়ার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ দরদাতাদের ঘাট ইজারা দেওয়ার ব্যাপারে করপোরেশনের দরপত্র মূল্যায়ন কমিটির পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বুধবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন নগরের একটি নৌঘাটের ইজারার ফরম কেনা নিয়ে বিরোধের জের ধরে ছাত্রলীগের সাবেক দুই নেতা আবদুল্লাহ আলম মামুন এবং এ এম মহিউদ্দিনের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুজনই চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত। এর মধ্যে মামুন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক। মহিউদ্দিন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক। সংঘর্ষে ছররা গুলিতে আহত হন তিনজন।
করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, নৌঘাটের দরপত্র ফরম বিতরণের শেষ দিন ছিল গত বুধবার এবং জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। গতকাল বেলা দুইটার দিকে দরপত্র ফরম জমাদানকারী ব্যক্তিদের উপস্থিতি নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে দরপত্র বক্স খোলা হয়। ১১টি ঘাটের জন্য ৩০টি ফরম জমা পড়ে। চারটি ঘাটে কোনো দরপত্র জমা পড়েনি।