চট্টগ্রাম পুলিশ কমিশনারের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে সাহায্যের আবেদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহারের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। গত শুক্রবার রাতে ওই ভুয়া আইডিতে স্ট্যাটাস দিয়ে অসহায় এক মেয়ের বিয়ের জন্য সহায়তা চাওয়া হয়। গতকাল শনিবার বিকেল পর্যন্ত চক্রটিকে শনাক্ত করা যায়নি।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাত ১০টা ৫৪ মিনিটে মোহাম্মদ ইকবাল বাহার নামে খোলা ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়, ‘একটা গরিব মেয়ের বিয়ের জন্য কে কে সহযোগিতা করবেন জানান।’ আইডিটিতে নগর পুলিশ কমিশনারের ছবি ব্যবহার করা হয়েছে। রাতে এই স্ট্যাটাস দেখে অনেকেই ইনবক্সে যোগাযোগ করেন। মোরশেদুর রহমান নামের নগরের কর্ণফুলীর এক ব্যক্তি ইনবক্সে ওই আইডিতে যোগাযোগ করে কয়েক হাজার টাকা সাহায্য দিতে চান। পরে ফেসবুকে কথোপকথনের একপর্যায়ে তাঁর সন্দেহ হয় আইডিটি ভুয়া। তখন তিনি পুলিশ কর্মকর্তাদের বিষয়টি মৌখিকভাবে জানান।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রাতে আমার নাম ও ছবি দিয়ে একটি প্রতারক চক্র ভুয়া ফেসবুক আইডি খুলে একটি মেয়ের বিয়ের জন্য সাহায্য চেয়ে স্ট্যাটাস দিয়েছে। নগরবাসীর কাছে অনুরোধ, কেউ যাতে প্রতারক চক্রের খপ্পরে না পড়েন।’ এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, এই প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার বলেন, চক্রটিকে ধরার চেষ্টা চলছে। আইডিটি বন্ধ করার জন্য বিটিসিএল কর্তৃপক্ষকে বলা হয়েছে।