চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রেসক্লাবের সামনে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় প্রেসক্লাবের সামনের রাস্তায় কোনো লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ককটেলগুলো ছুড়ে পালিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ‘এগুলো ককটেল না বাজি বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলে ককটেলের কোনো আলামতও পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আর ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’