চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার রাতে দুর্বৃত্তদের ছোড়া ককটেল হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন। ঘটনার সময় প্রেসক্লাবে পুলিশ পাহারা ছিল।
প্রেসক্লাব সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত পৌনে নয়টার দিকে মোটরসাইকেল আরোহী দুই যুবক চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে এশিয়ান টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মাওলার পায়ে ককটেলের স্প্লিনটার বিদ্ধ হয়। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদকেরও দায়িত্বে রয়েছেন।
গোলাম মাওলা মুরাদ প্রথম আলোকে জানান, ‘মোটরসাইকেল আরোহী দুই যুবক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়। ঘটনার সময় লোকজনের উপস্থিতি কম ছিল বলে ক্ষতি তেমন হয়নি। আমার পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে জানান, ‘অবরোধ সমর্থকেরা এ কাণ্ড ঘটাতে পারে বলে আমাদের ধারণা। পুলিশ এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছে।’