চট্টগ্রাম বন্দরে কোটি টাকার পণ্য জব্দ
ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি করায় চট্টগ্রাম বন্দরে এক কোটি টাকা মূল্যের তিন কনটেইনার পণ্য জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ বুধবার বন্দরে এসব পণ্য জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলেন, চট্টগ্রামের ব্রাইট ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান বিদেশ থেকে ‘সেমি ট্রেইলর হুইল রিম’ (গাড়ির চাকার ভেতর স্টিলের পাতের অংশ) আমদানি করে। গত ২৩ জানুয়ারি এসব পণ্য খালাসের জন্য যেসব নথিপত্র কাস্টম হাউসে জমা দেওয়া হয়, সেখানে পণ্যের পরিমাণ বলা হয় ৫৬ টন। তবে আজ বুধবার শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা যাচাই করে দেখেন, তিন কনটেইনারে পণ্য আছে ৬৭ টন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, আমদানিকারক ঘোষণার চেয়ে ১১ টন পণ্য বেশি আমদানি করেছে। এ কারণে এসব পণ্য জব্দ করে কাস্টম হাউসে বিভাগীয় মামলা দায়ের হয়েছে।