চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজের কালো ধোঁয়ায় পরিবেশদূষণের অপরাধে চট্টগ্রাম বন্দরে একটি বিদেশি জাহাজের স্থানীয় প্রতিনিধিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার এ জরিমানা করা হয়।

পানামার পতাকাবাহী এ জাহাজটির নাম ‘এমভি মাইলস্টোন’। সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকারবাহী এই জাহাজটি ৮ অক্টোবর বন্দরের জেটিতে ভেড়ানো হয়। জাহাজটি এখন বন্দরের ২ নম্বর জেটিতে অবস্থান করে পণ্য খালাস করছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন গতকাল বলেন, ইঞ্জিনের ত্রুটির কারণে জাহাজটি থেকে প্রচণ্ড কালো ধোঁয়া নির্গত হচ্ছিল। এই অপরাধে জাহাজটির স্থানীয় প্রতিনিধি ‘এমএসবি’ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। জাহাজটি থেকে যাতে কালো ধোঁয়া নির্গত না হয় সে জন্য ব্যবস্থা নিতে জাহাজের ক্যাপ্টেনকে নির্দেশ দেওয়া হয়েছে।

পৃথক অভিযানে তিন গাড়িচালককে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন একই ভ্রাম্যমাণ আদালত। বন্দরের ফটকের সামনে অবৈধভাবে পার্কিং করার অপরাধে এই জরিমানা করা হয়। এ তিন চালক হলেন তাজুল ইসলাম, রিপন হাওলাদার ও মঞ্জুর আলম।