চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আনা ৯ কনটেইনার পণ্যের চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বন্দরে কনটেইনারগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন জানান, জে এ এন্টারপ্রাইজ, শামানত এন্টারপ্রাইজ ও রুনা এন্টারপ্রাইজ নামের তিনটি আমদানিকারক প্রতিষ্ঠানের নামে ওই ৯ কনটেইনার পণ্যের চালান এসেছে। শুল্ক ফাঁকি দিতেই এ কাজ করা হয়েছে। প্রতিষ্ঠান তিনটি ‘ক্লিয়ার ফিগারড গ্লাসের’ ঘোষণা দিয়ে ‘ক্লিয়ার ফ্লোট গ্লাস’ নিয়ে এসেছে।
জাকির হোসেন আরও জানান, ‘ক্লিয়ার ফিগারড গ্লাসের’ শুল্ক হচ্ছে ৯০ দশমিক ৮৬ শতাংশ আর ‘ক্লিয়ার ফ্লোট গ্লাসের’ শুল্ক আসে ১২৯ দশমিক ৫৮ শতাংশ। মিথ্যা ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানগুলো প্রায় ২৩ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে। জব্দ করা নয়টি কনটেইনারে ২৩৬ টন পণ্য রয়েছে, যার বাজার মূল্য এক কোটি টাকা।