চট্টগ্রাম বন্দরে শিডিউল ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর থেকে দরপত্রের শিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগ করেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সামস মেরিন সার্ভিসেস নামের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার বেলা আড়াইটায় বন্দর ভবনের তৃতীয় তলায় নৌ বিভাগের তত্ত্বাবধায়কের কক্ষ থেকে বয়া মেরামতকাজের দরপত্রের শিডিউল কিনি। ওই কক্ষ থেকে বের হওয়ার পরই নগর ছাত্রলীগের সহসভাপতি রাহুল বড়ুয়াসহ অজ্ঞাতনামা ১২-১৩ জন আমার কাছ থেকে জোর করে দরপত্রের শিডিউল নিয়ে যান। এ সময় প্রতিষ্ঠানের মালিকের নাম উল্লে¬খ করে তাঁরা হুমকিও দেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছি।’
সামস মেরিন সার্ভিসেসের মালিক চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. ইলিয়াছ। তিনি ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক।
অভিযোগ সম্পর্কে নগর ছাত্রলীগের সহসভাপতি রাহুল বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার আমি বন্দর ভবনে যাইনি। দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগও সঠিক নয়।’ প্রতিষ্ঠানটির মালিকের সঙ্গে আগের বিরোধের জের ধরে এই অভিযোগ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বন্দর কর্মকর্তারা জানান, সাতটি প্রতিষ্ঠান বয়া মেরামতকাজের দরপত্রের শিডিউল কিনেছে। ২৩ আগস্ট দরপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নিয়মানুযায়ী, একটি প্রতিষ্ঠান শিডিউল কেনার পর ওই প্রতিষ্ঠানের নামে দ্বিতীয়বার শিডিউল কেনার সুযোগ নেই।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ‘শিডিউল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’