চট্টগ্রাম বিভাগে মাসে মাদকসহ ধরা পড়ে এক হাজার জন!
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় মাসে গড়ে অন্তত ৭০০ মাদকের মামলা করে পুলিশ। মাদকসহ প্রতি মাসে গড়ে কমপক্ষে এক হাজার জন ধরা পড়ে। পাশাপাশি বিজিবি, র্যা ব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও প্রতিদিন মাদকবিরোধী অভিযান চালায়। তবু মাদকের বিস্তার রোধ করা যাচ্ছে না। কেবল আইন দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার ও শিক্ষকদেরও মাদক নির্মূলে ভূমিকা রাখতে হবে।
গতকাল সোমবার ‘মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে নগরের ষোলশহর এলজিইডি ভবন সম্মেলন কক্ষে এ সভা হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (নিরোধ শিক্ষা) নাজমুল আহসান মজুমদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এ বি এম আবু নোমান ও মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মো. সাহাব উদ্দিন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন বলেন, সামাজিক বন্ধন, ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে মাদক গ্রহণ ও মাদক ব্যবসার মতো অপরাধ বাড়ছে। অনেকে হতাশা, অভিমান থেকে মরণ নেশায় জড়িয়ে পড়েন। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে।
ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, মাদকের বিস্তারের কারণে সমাজে অপরাধ বাড়ছে। হাজতে যত বন্দী আছে তাদের ৭০ শতাংশই মাদকসংক্রান্ত অপরাধে জড়িত। চুরি-ছিনতাইয়ের সঙ্গে যারা জড়িত তাদের বেশির ভাগ দেখা গেছে মাদকাসক্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। সমাজে মাদকবিরোধী মনোভাব গড়ে তুলতে হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (নিরোধ শিক্ষা) নাজমুল আহসান মজুমদার বলেন, বাংলাদেশে মাদক উৎপাদন হয় না। তবুও দেশের আনাচকানাচে মাদকের ছড়াছড়ি। মাদক নিয়ন্ত্রণে অপরাধ দমনের পাশাপাশি সচেতনতা তৈরির জন্য সরকার কাজ করছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠনের নির্দেশনা দেওয়া আছে। এই কমিটিগুলো শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী প্রচারণা ঠিকমতো চালাতে পারলে মাদকের প্রভাব কমানো যাবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা হয় না বললেই চলে। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষাও যথাযথভাবে দেওয়া হয় না। সন্তান মাদকাসক্ত হয়ে পড়ছে কি না কিংবা কাদের সঙ্গে মিশছে, এ বিষয়ে পরিবারকে নিয়মিত খোঁজখবর নিতে হবে। একই সঙ্গে শিক্ষকদেরও ভূমিকা পালন করতে হবে।