চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে চার কেজি সোনা জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের চার কেজি ৬৬৪ গ্রাম ওজনের ৪০টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে এসব স্বর্ণবার জব্দ করা হয়।
এ ঘটনায় আবদুল শুকুর নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মালিকিন নাসির আকন্দ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ওমান এয়ারের একটি উড়োজাহাজে করে মাসকট থেকে এই যাত্রী চট্টগ্রামে আসেন। বিমানবন্দরের কাস্টমস ও ইমিগ্রেশন শেষ করে বহির্গমন ফটক দিয়ে বের হওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর ব্যাগে একটি চার্জার লাইট এবং পোশাকের ভেতর থেকে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।’
মালিকিন নাসির আরও বলেন, আটক ব্যক্তিকে পতেঙ্গা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হবে। জব্দ স্বর্ণ কাস্টম হাউসের কাস্টডিয়ান শাখায় হস্তান্তর করা হয়েছে।