চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণপিণ্ড ও মোবাইল সেট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে স্বর্ণপিণ্ড, মোবাইল সেট ও সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
আজ বুধবার সকালে এসব মালামাল জব্দ করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণয় চাকমা।
এ ঘটনায় আটক দুই যাত্রী হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ইয়াছিন আরাফাত ও হাটহাজারীর মো. জয়নাল। তাঁরা আজ সকাল নয়টায় দুবাই থেকে একটি বিমানে করে চট্টগ্রামে আসেন।
প্রণয় চাকমা প্রথম আলোকে বলেন, ‘ইয়াছিন আরাফাতের হাতঘড়ির ভেতর ও ব্যাগ থেকে প্রায় ৪৬০ গ্রাম ওজনের স্বর্ণপিণ্ড পাওয়া যায়। এ ছাড়া তাঁর কাছ থেকে ১৮টি মোবাইল সেটও জব্দ করা হয়েছে। অপরদিকে জয়নালের কাছ থেকে ২৪টি মোবাইল সেট ও ২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল সেটগুলো স্যামসাং ব্রান্ডের।’

প্রণয় চাকমার তথ্য, উদ্ধার করা স্বর্ণপিণ্ডের আনুমানিক দাম ২০ লাখ টাকা। আর প্রতিটি মোবাইল সেটের দাম ১০ থেকে ১২ হাজার টাকা হতে পারে। এ ঘটনায় আটক ওই দুই যাত্রীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।