চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণসহ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বৃহস্পতিবার সকালে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম ওজনের সোনার বার ও অলংকার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় মোহাম্মদ নুরু উদ্দিন নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলেন, নুরু উদ্দিনের বাড়ি ফটিকছড়িতে। তাঁর কালো রঙের হাতব্যাগ থেকে ১০টি সোনার বার ও ১০০ গ্রাম ওজনের অলংকার জব্দ করা হয়। জব্দ স্বর্ণের মূল্য ৪৬ লাখ টাকা।

কর্মকর্তারা বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজে করে নুরু উদ্দিন চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে তল্লাশি করে এসব স্বর্ণ জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ এস এম শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান ‘অপারেশন আইরিন’-এর আওতায় যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ জব্দ করা হয়েছে। আটক যাত্রী এ বছর ছয়বার দুবাই থেকে বাংলাদেশে আসা-যাওয়া করেছেন। এই যাত্রী কোনো অপরাধচক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।