চট্টগ্রাম বিমানবন্দরে ৭ নারীসহ ১৪ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবে যাওয়ার সময় ৭ নারীসহ ১৪ জনকে অভিবাসন পুলিশ আটক করেছে। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মঞ্জুরুল আলম, মোবাশ্বেরা খানম, আরিফুল ইসলাম, ছেনোয়ারা আক্তার, আক্তার হোসেন, রহিমা খাতুন, মো. খালেক, রোকসানা বেগম, মোহাম্মদ রফিক, আয়েশা বেগম, মো. শওকত আলী, মনজিলা বেগম, মোহাম্মদ ফোরকান ও জ্যোৎস্না আক্তার। তাঁদের বিরুদ্ধে মানব পাচার ও প্রতারণা আইনে মামলা হবে বলে পুলিশ জানিয়েছে।

অভিবাসন পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল ৯টা ৪০ মিনিটের এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজে চড়ে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেন এই ১৪ নারী-পুরুষ। তাঁদের সবার ওমরাহ করার ভিসা ছিল। কিন্তু একজন নারী ওমরাহ বা হজে যেতে চাইলে পুরুষসঙ্গী হিসেবে মাহারাম বা নিকটাত্মীয়কে নিতে হয়। অর্থাৎ স্বামী এবং অন্য যাঁদের সঙ্গে বিয়ের সম্পর্ক নেই, এমন পুরুষ নিয়ে নারীদের হজে যাওয়ার ধর্মীয় নিয়ম রয়েছে। কিন্তু সাত নারীর সঙ্গে যে সাতজন পুরুষ ছিলেন, তাঁরা কেউ নিকটাত্মীয় বা মাহারাম নন।

চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন শাখার বিশেষ সুপার (এসএস) মো. শাহরিয়ার আলম প্রথম আলোকে বলেন, মাহারাম ছাড়া তো কোনো নারী হজ বা ওমরাহ করতে পারেন না। আটক ১৪ জনই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পরস্পরের আত্মীয় নন বলে স্বীকার করেছেন। এই ১৪ জনের মধ্যে ২ জন ওই পারের (মিয়ানমার) বাসিন্দা বলে তাঁদের সন্দেহ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, আটক ১৪ জনের মধ্যে পুরুষ ৭ জনকে আসামি করে মামলার করেছে অভিবাসন পুলিশ। নারী ৭ জনকে উদ্ধার দেখানো হয়েছে।