চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ষোলশহর রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি শাটল ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্টেশনের কর্মীরা আগুন নেভাতে গেলে তাদের লক্ষ্য করে দুটি ককটেলও নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে এক পোশাককর্মী গুরুতর আহত হয়েছেন।

ষোলশহর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ফরহাদুজ্জামান প্রথম আলোকে বলেন, রাত পৌনে আটটার দিকে শাটল ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান। ওই সময়ই তাদের লক্ষ্য করে দুটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। একটি ককটেল ট্রেনের বাইরে বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় ট্রেনের বগির ভেতরে পড়ে। অবিস্ফোরিত ককটেলটি পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

ঘটনায় আহত পোশাকশ্রমিকের নাম মোহাম্মদ সুমন (২১)। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত নয়টায় হাসপাতালে গিয়ে দেখা যায়, তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। ককটেল বিস্ফোরণে সুমনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকেরা জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগুন ধরার আগে ওই আসনে আমরা চার-পাঁচজন বহিরাগত যুবককে আড্ডা দিতে দেখি।’ তাঁর ধারণা, তাঁরাই ট্রেনে আগুন দিয়ে দ্রুত মানুষের ভিড়ে মিলিয়ে যান।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক উপপরিদর্শক (এসআই) আরব আলী বলেন, ঘটনায় একজন আহত হয়েছেন, তবে কাউকে এখনো আটক করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, শাটল ট্রেনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং ট্রেনের রক্ষণাবেক্ষণে রেলওয়ে কর্তৃপক্ষের আরও উদ্যোগী হওয়া দরকার। এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে বলেও জানান তিনি।