চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও এক শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর
আরও এক শিক্ষার্থীকে মারধর করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী বলছেন, নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে জড়িত থাকায় তাঁকে মারধর করা হয়েছে। চিকিৎসকের ভাষ্য, তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম শাহেদুল ইসলাম। তিনি শিক্ষা ও গবেষণা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কলা ও মানববিদ্যা অনুষদে এ ঘটনা ঘটে।
শাহেদুল ইসলাম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত কাজে দুপুরে কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়িতে যাই। সেখানে ছাত্রলীগের সিক্সটি নাইন পক্ষের নেতা-কর্মীরা নিরাপদ সড়ক আন্দোলনে কেন জড়িত ছিলাম জিজ্ঞেস করে। উত্তর দেওয়ার আগেই তারা লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে বন্ধুদের সাহায্যে মেডিকেলে গিয়ে চিকিৎসা নিই।’
যাঁরা মারধর করেছেন, তাঁরা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে পরিচিত। আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, নিরাপদ সড়ক আন্দোলন নয়, শিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকায় তাঁকে মারধর করা হয়েছে। তিনি ফেসবুকে উসকানিমূলক লেখালেখি করতেন।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ওই শিক্ষার্থীর মাথায় লাঠির আঘাত ছিল। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘মারধরের বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত এক বছরে ফেসবুকে সরকার ও ছাত্রলীগের বিরুদ্ধে লেখালেখির অভিযোগে অন্তত ২০ শিক্ষার্থীকে মারধর করেছে এই ছাত্রসংগঠনটির নেতা-কর্মীরা। নিরাপত্তার কারণে মারধরের শিকার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করতে চাইছেন না বলে কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও নিজ দায়িত্বে কোনো পদক্ষেপ নিচ্ছে না।