চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী-সমর্থকদের মধ্যে গত মঙ্গলবার গভীর রাতে আবারও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শাতে বলা হয়েছে।
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চার সদস্যের তথ্য অনুসন্ধানী কমিটি গঠন করেছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত বছরের জুলাই মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এর মধ্যেই সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী-সমর্থকদের মধ্যে অন্তত চারবার সংঘর্ষ হয়েছে। নতুন এই কমিটি গঠনের আগের এক বছর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি ছিল না। অন্তকোন্দল ও নানা বিতর্কের কারণে ২০১৪ সালের ১০ জুন আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করার বিষয়ে জানতে চাইলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ (কারণ দর্শানো) করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে সুনির্দিষ্ট জবাব দিতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী গতকাল বিকেলে পৃথকভাবে প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ফোনে বিষয়টি তাঁদের জানিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী হলে বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তা শাহ আমানত হলেও ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীদের হাতে ধারালো অস্ত্র দেখা যায় বলে প্রত্যক্ষদর্শী সাধারণ শিক্ষার্থীরা জানান। সংঘর্ষের সময় সোহরাওয়ার্দী হলে সাধারণ সম্পাদকের অনুসারীদের চারটি কক্ষ ভাঙচুর করা হয়। এর আগে গত সোমবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ সূত্র জানায়, সোমবারের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার রাতেও শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘বিজয়’ গ্রুপের কর্মীদের সঙ্গে ‘সিক্সটি নাইনের’ কর্মীদের সংঘর্ষ বাধে। সিক্সটি নাইনের নেতৃত্বে রয়েছেন সভাপতি এবং বিজয় গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাধারণ সম্পাদক।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল প্রথম আলোকে বলেন, সোহরাওয়ার্দী ছাত্রাবাসে সম্পাদক-সমর্থিত কর্মীদের চারটি কক্ষে ভাঙচুর হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সংঘর্ষের বিষয়ে সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি ক্যাম্পাসে ছিলাম না। সংঘর্ষের সঠিক কারণ জানি না।’
অন্যদিকে সাধারণ সম্পাদক ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, ‘বিনা উসকানিতে সভাপতি পক্ষের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী ছাত্রাবাসে আমাদের পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। এতে আমার তিনজন কর্মী আহত হয়েছে।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী তাঁর নির্বাহী ক্ষমতাবলে চার সদস্যের অনুসন্ধানী কমিটি গঠন করেছেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক জসিম উদ্দিনকে। অন্য সদস্যরা হলেন হেলাল উদ্দিন (সদস্যসচিব), মিজানুর রহমান ও শহিদুল ইসলাম শাহীন।
সাত দিনের মধ্যে তথ্য অনুসন্ধানী কমিটি গত সোম ও মঙ্গলবার রাতের সংঘর্ষের বিষয়ে প্রতিবেদন জমা দেবেন বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর প্রথম আলোকে জানান।
গত সোমবার সংঘর্ষের সময় শাহ আমানত ছাত্রাবাসে দৃষ্টিপ্রতিবন্ধীদের চারটি কক্ষে ভাঙচুর চালানো হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে প্রতিবন্ধী ছাত্রসমাজ গতকাল উপাচার্য, প্রক্টর, ক্যাম্পাস পুলিশ ইনচার্জ ও হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ করেছে বলে জানান সংগঠনের সভাপতি মো. শাহজাহান।