চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বিশ্ববিদ্যালয়েরই আরেক শিক্ষক। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক গাজী সালেহউদ্দিন। আদালত চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

শিক্ষক গাজী সালেহউদ্দিন গত ১ জুলাই থেকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে রয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় উপাচার্যের বিরুদ্ধে করা মামলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বাদীর আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, গত ২৮ নভেম্বর নগরের থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) মিলনায়তনে সাবেক উপাচার্য আবু ইউসুফ আলমের নাগরিক স্মরণসভার আলোচনায় ইফতেখার উদ্দিন চৌধুরী বাদীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ বলেছেন। এতে সম্মান ক্ষুণ্ন হওয়ায় বাদী মানহানির মামলা করেছেন। মামলায় ছয়জনকে সাক্ষী রাখা হয়েছে।

জানতে চাইলে, গতকাল সন্ধ্যায় মুঠোফোনে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই স্মরণ সভায় কাউকে অঙ্গুলিনির্দেশ করে তিনি ভুয়া মুক্তিযোদ্ধা বলেননি।