চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতকড়া পরিয়ে নগরের বাকলিয়া এলাকার বাসা থেকে নেজাম উদ্দিন নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সাদাপোশাকের এক দল লোক তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। পরিবার বলছে, গত রোববার বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে নেজামের কোনো খোঁজ মিলছে না। তাঁদের সন্দেহ, সাদাপোশাকধারী ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে নেজাম উদ্দিনের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে তাঁর পরিবার এ অভিযোগ করে। এতে লিখিত বক্তব্যে নেজামের ভাই আব্বাস উদ্দিন বলেন, তাঁরা দুই ভাই নগরের বাকলিয়া থানার বড়মিয়া মসজিদ-সংলগ্ন একটি ভবনের দোতলায় ভাড়া থাকেন। পড়াশোনার পাশাপাশি ওই ভবনের একতলায় একটি মুদি দোকান চালান তাঁরা। পরিবারের বাকি সদস্যরা সাতকানিয়ায় গ্রামের বাড়িতে থাকেন। গত ২৮ আগস্ট রোববার দুপুরে তাঁরা দুই ভাই বাসায় ছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে তিনি শৌচাগারে যান। ওই সময় নেজাম শুয়ে ছিলেন। শৌচাগার থেকে বের হয়ে তিনি দেখেন সাদাপোশাকের আট-নয়জন লোক তাঁর ভাই নেজামকে ধরে রেখেছেন। এ সময় তিনি পরিচয় জানতে চাইলে তারা কোনো উত্তর দেননি। সারা ঘর তল্লাশি শেষে কিছু না পেয়ে নেজামকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ নেই।
সংবাদ সম্মেলনে আব্বাস বলেন, ‘আমার ভাইকে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তারা আমার দিকে অস্ত্র তাক করে ধমক দেয়। পরে বলে, তোর ভাইয়ের মোবাইল নম্বরে পরে যোগাযোগ করিস। এরপর নিচে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে করে ভাইকে নিয়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে বাড়িতে জানিয়ে বাকলিয়া থানায় যাই। ওখানে ভাইয়ের সন্ধান না পেয়ে লালদিঘীর পাড়ে ডিবি কার্যালয়, জেলা পুলিশ ও র‍্যাব কার্যালয়ে যাই। কিন্তু কোথাও ভাইয়ের সন্ধান পাইনি। মোবাইল ফোনেও তাঁকে পাইনি। সর্বশেষ মঙ্গলবার বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে সেটিও গ্রহণ করেনি পুলিশ। আমার ভাই কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না। তাঁর নামে মামলা তো দূরে থাক, কোনো অভিযোগও নেই।’
নেজামের বাবা আহমদ কবির বলেন, ‘বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার পর ছেলের আর কোনো খোঁজ পাইনি। কোথায় কেমন আছে জানি না। নেজাম যদি কোনো অপরাধ করে তাহলে আইন অনুসারে তাঁর বিচার করেন। না হলে তাঁকে ফিরিয়ে দিন। আইনশৃঙ্খলা বাহিনী যদি তাঁকে ধরে না-ও নেয়, তাহলেও নেজামকে খুঁজে বের করেন।’
এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে বলেন, ‘নেজামের বাবা ও ভাই দুদিন আগে তাঁকে খুঁজতে থানায় এসেছিলেন। তখন তাঁদের জানিয়েছি, নেজামকে আমরা ধরিনি। তবে অন্য কেউ ধরেছে কি না খোঁজ নেন। এরপর আর তাঁরা আমার কাছে আসেননি।’