চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি হল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি হলে আজ সোমবার অভিযান চালিয়ে একটি এলজি, একটি কাটাবন্দুক ও ৭০টি রামদাসহ সংঘর্ষে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর এই পুলিশি অভিযান চলে।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা প্রথম আলোকে বলেন, সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহজালাল হলে তল্লাশি চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া কয়েক বস্তা লাঠিসোঁটা ও পাথর উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০-৩৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলার প্রস্তুতি চলছে।
বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত আবাসিক হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু (সিক্সটি নাইন) ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর (বিজয়) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষ থামাতে গিয়ে ছাত্রলীগের ছোড়া ইটের আঘাতে আহত হন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল। তাঁকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের লাঠিপেটায় ছাত্রলীগের দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, সকালে ইঞ্জিনিয়ারিং অনুষদের ভর্তি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তাঁদের মিছিল নিয়ে শুভেচ্ছা জানানোর পরিকল্পনা করে ছাত্রলীগের দুই পক্ষ। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়। পুলিশের ধাওয়ায় সভাপতির সমর্থকেরা শাহজালাল হলে ও সাধারণ সম্পাদকের সমর্থকেরা শাহ আমানত হলে ঢুকে পড়েন। এ সময় হলের ভেতর থেকে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশকে লক্ষ্য করেও তাঁরা ইটপাটকেল ছোড়ে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ ভেতরে ঢুকে দুই পক্ষের নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এতে কয়েকজন আহত হন।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের মেরিন অ্যান্ড ফিশারিজের ভর্তি পরীক্ষা হয়। এ সময় পরীক্ষার্থী ও অভিভাবকেরা আতঙ্কের মধ্যে ছিলেন।
দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।