চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্দেহভাজন তিন জেএমবিকে 'শোন অ্যারেস্ট'
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে আটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেপ্তার দেখানো (শোন অ্যারেস্ট) হয়েছে। এদিকে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে ১০ সদস্যের একটি দল গঠন করেছে পুলিশ।
চট্টগ্রামের হাটহাজারী থানায় করা অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই মামলায় আজ সোমবার এই তিনজনকে গ্রেপ্তার দেখান জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসাদ্দেক মিনহাজ।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, দুই মামলায় নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেলকে গ্রেপ্তার দেখান আদালত। এর মধ্যে অস্ত্র মামলায় ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আনিস আল মাহমুদ ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আদালত আগামী বছরের ৪ জানুয়ারি রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন। এর আগে নগরের কর্ণফুলী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এই তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলী।
শুনানি শেষে আজ সন্ধ্যায় তিন আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ মো. জাহেদুল আলম বলেন, ‘কর্ণফুলী থানার একটি মামলায় গ্রেপ্তার তিন জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কারাগার থেকে নিয়ে যায়।’ এই মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে বলে সন্ধ্যায় জানালেন মামলাটির তদন্ত কর্মকর্তা ও নগর ডিবির পরিদর্শক সত্যজিৎ বড়ুয়া।
গত শনিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাইমুর, ফয়সাল ও শওকতকে আটক করে ডিবি। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন মধ্যরাত থেকে পরদিন ভোররাত পর্যন্ত হাটহাজারীর আমানবাজার এলাকায় চট্টগ্রামের জেএমবি নেতা ফারদিন ওরফে নোমানের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করে নগর ডিবি পুলিশ। আটক তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পদার্থবিজ্ঞান বিভাগের তিন ছাত্র মামলার আসামি হওয়ার কাগজপত্র পুলিশ দিয়েছে। আগামীকাল মঙ্গলবার তাঁদের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
জিজ্ঞাসাবাদে ১০ সদস্যের দল
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ সদস্যের একটি দল গঠন করেছেন গতকাল রোববার রাতে। সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর ও দক্ষিণ) মো. বাবুল আক্তারকে আহ্বায়ক করে কমিটির সদস্য করা হয়েছে নগর ডিবির অতিরিক্ত উপকমিশনার (বন্দর) নাজমুল হাসান, সহকারী কমিশনার (দক্ষিণ) মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার (উত্তর) তাহমিনা তাকিয়া, নগর ডিবির পরিদর্শক আতিক চৌধুরী, সত্যজিৎ বড়ুয়া, কাজী রাকীব উদ্দিন, সৈয়দ আবদুর রউফ, মাহফুজুর রহমান ও শেখ মাহমুদ।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য আজ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক খোলা বাজারের মাধ্যমে যাতে সাধারণ মানুষের হাতে না পৌঁছায়, সেই নজরদারি বাড়ানো হচ্ছে। হাটহাজারীর আমানবাজারে জেএমবি নেতা ফারদিন ওরফে নোমানের ভাড়া বাসায় সেনাবাহিনীর পোশাকগুলো কীভাবে এল, তা তদন্ত করা হচ্ছে। তাঁকে ধরা গেলে এ বিষয়ে সঠিক সবকিছু জানা যাবে।