চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রের বিরুদ্ধে মামলা

মাগুরায় মোটরসাইকেলে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে আটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র আবদুর নূরের (২৩) বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে শালিখা থানার উপপরিদর্শক বিশারুল ইসলাম মামলাটি করেন। তিনি প্রথম আলোকে বলেন, বিশেষ ক্ষমতা আইনের ১৫ ও ১৬ ধারায় মামলাটি করা হয়েছে। আদালতে হাজির করে তাঁকে ১০ দিনের রিমান্ডে চাওয়া হবে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল বুধবার শালিখা উপজেলার শতখালী বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আবদুর নূরকে (২৩) আটক করা হয়। পরে তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নূর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিণখাইন গ্রামের সৌদিপ্রবাসী মো. আবদুর রশিদের ছেলে।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই ছাত্রের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে তাঁর মোবাইলে বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের ছবি তোলা হয়েছে। এসব স্থানে ভবিষ্যতে নাশকতা হতে পারে এমন আশঙ্কায় তাঁর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, ‘আবদুর নূরকে জিজ্ঞাসাবাদ ও খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, তিনি বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের আবাসিক ছাত্র। কিন্তু হলে থাকতেন না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সিরাজুদ্দৌলার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

এ ঘটনায় আটক মোটরসাইকেলচালক নড়াইল সদরের গোলাম কুদ্দুসের ছেলে সাইফুল ইসলামকে (৩৪) জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।