চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলার একটিতে নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সুইমিংপুল প্রকল্পের এক কর্মকর্তা নগরের কোতোয়ালি থানায় মামলাটি করেন। এতে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল আজিমের নাম রয়েছে। অন্য মামলার বাদী পুলিশ। এতে ওই দুই ছাত্রনেতাকে আসামি করা হয়নি।
আউটার স্টেডিয়ামে সুইমিংপুলের নির্মাণকাজ বন্ধ রাখার দাবিতে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগর ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচি ছিল। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। এতে অন্তত ২৫ জন আহত হন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মু. আবদুর রউফ প্রথম আলোকে বলেন, আউটার স্টেডিয়ামে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে এবং সুইমিংপুল প্রকল্পের কর্মকর্তা ৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ সূত্র জানায়, নির্মাণাধীন সুইমিংপুল প্রকল্পের কর্মকর্তা শফিকুল ইসলাম চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে সুইমিংপুলের প্রাচীর ক্ষতিগ্রস্ত করা ও কাজে বাধার অভিযোগ আনা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দীন প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।
এ বিষয়ে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রথম আলোকে বলেন, ‘মাঠ রক্ষার কর্মসূচিতে পুলিশ আমাদের দিকে গুলি ছুড়ল। আবার ছাত্রলীগকেই আসামি করে মামলা দিল। আমরা আদালতে গিয়ে জামিন চাইব।’
এদিকে আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণকাজে নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের সহযোগিতা দিতে গতকাল বুধবার চট্টগ্রামের পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছেন সরকারের যুগ্ম সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক নারায়ণ চন্দ্র দেবনাথ। চিঠির অনুলিপি চট্টগ্রাম সিটি মেয়র, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসকসহ আটজনকে দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ১৮ এপ্রিল নির্মাণকাজ চলাকালীন কিছু সংখ্যক বহিরাগত প্রকল্প এলাকার টিনের প্রাচীর ভেঙে ফেলে। এতে মালামাল ও সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়। নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
চিঠির অনুলিপি পাওয়ার কথা স্বীকার করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, এই প্রকল্প যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও যুগ্ম সচিব প্রকল্পের নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারের সহযোগিতা চেয়েছেন।