চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির আহছান উল্লাহকে গতকাল শনিবার রাত দুইটার দিকে গ্রেপ্তার করা হয়েছে। নগরের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, আহছান উল্লাহর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে ১০-১২টি মামলা রয়েছে। এর মধ্যে বাকলিয়া থানার দুটি মামলায় তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভুঁইয়া গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারি করেন। এরপর পুলিশ ১২ ফেব্রুয়ারি বাকলিয়ার রসুলবাগ এলাকায় তাঁর বাসায় তল্লাশি চালায়। ওই সময় তাঁকে পাওয়া না গেলেও আদালতের নির্দেশে তাঁর বাসার টিভি, ফ্রিজসহ ব্যবহার্য মালামাল জব্দ করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ গতকাল রাতে হালিশহরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।