চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক চুরি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে হাসপাতালের ৩৪ নম্বর ওয়ার্ড থেকে ১৪ দিন বয়সী শিশুটি চুরি হয়েছে বলে তার বাবা-মা অভিযোগ করেছেন।
নবজাতকের বাবা শফিউল আলম প্রথম আলোকে জানান, গতকাল বেলা পৌনে তিনটায় তিনি হাসপাতাল ভবনের ৩৪ নম্বর ওয়ার্ড থেকে বেরিয়ে বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ১৪-১৫ মিনিট পর তাঁর স্ত্রী জেসমিন আক্তার ও শাশুড়ি ফাতেমা বেগমের চিৎকার শুনে তাঁর ঘুম ভাঙে। এ সময় তাঁরা ছেলে চুরি হওয়ার কথা জানান।
জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল গণি প্রথম আলোকে বলেন, ‘৩৪ নম্বর ওয়ার্ডে ১৪ দিন বয়সী একটি শিশু নিখোঁজ হয়েছে। ঘটনার সময় শিশুটির মা, বাবা ও নানি হাসপাতালে ছিলেন। ওই দম্পতির আরেকটি শিশু ওয়ার্ডে দৌড়াদৌড়ি করছিল। ওই শিশুর পেছনে সবাই ছুটে যায়। তখনই নবজাতক শিশুটি নিখোঁজ হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২ জুলাই বিকেলে শফিউল আলমের স্ত্রী জেসমিন আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত ১২টার দিকে তাঁর স্ত্রী অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন। ৪ জুলাই মা ও সন্তানকে ৩৪ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। জেসমিন আক্তার অসুস্থ থাকায় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।
শিশুটির বাবা শফিউল আলম জানান, তাঁর আড়াই বছর বয়সী প্রথম শিশুটি ওয়ার্ড থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছিল। তখন তাঁর শাশুড়ি ও স্ত্রী নবজাতক শিশুটিকে ওয়ার্ডের বিছানায় রেখে বড় শিশুটির পেছনে ছুটে যান। বড় শিশুকে উদ্ধার করে বিছানায় ফিরে আসার পর দেখেন নবজাতক শিশু সেখানে নেই। মাত্র আড়াই থেকে তিন মিনিটের মধ্যে তাঁর ছেলেকে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। নবজাতক চুরি হওয়ার বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে নবজাতক চুরির খবর পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত চলছে।