চট্টগ্রাম রেলওয়ে থানার পাশেই মিলল মাদক
চট্টগ্রাম পুরাতন স্টেশনে রেলওয়ে থানা ভবনের এক শ গজ দূরে পরিত্যক্ত একটি ভবনের ভেতর থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কোতোয়ালি ও সদরঘাট থানার পুলিশের যৌথ দল একটি ড্রামের ভেতর থেকে ৯২ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
থানার পাশ থেকে বিপুল মাদক উদ্ধারের ঘটনায় রেলওয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) শাহ মো. আবদুর রউফ প্রথম আলোকে জানান, সদরঘাট মরিচ্যা কলোনি এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রানাকে বুধবার বিকেলে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রেলওয়ে থানার পাশে পরিত্যক্ত ওই ভবনে অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। রানা পুলিশকে জানিয়েছে, রেলওয়ে থানার পাশে মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালানোয় কৌশল পাল্টে থানার পাশে মাদকের মজুত রাখছে মাদক ব্যবসায়ীরা।
থানার এক শ গজ দূর থেকে মাদক উদ্ধার হওয়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাশ জানান, কারা সেখানে মাদক রেখেছে, রেলওয়ে পুলিশ তা জানে না। জানলে তো অনেক আগেই উদ্ধার করা হতো। এ ঘটনায় রেলওয়ে পুলিশের সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।