চট্টগ্রাম শহরে বাসের আট, ট্রাকের ১৪ অবৈধ স্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অন্তত আটটি বাস ও ১৪টি অবৈধ ট্রাকস্ট্যান্ড রয়েছে। এগুলোর কারণে নগরজুড়ে অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। ভুগছেন নগরবাসী।
পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, প্রতিদিন ছয় হাজারের বেশি আন্তজেলা বাস ও ট্রাক চট্টগ্রাম শহরে আসা-যাওয়া করে। কিন্তু স্থায়ী বাস টার্মিনাল আছে মাত্র দুটি আর ট্রাক টার্মিনাল একটি। বৈধ স্ট্যান্ডে ঠাঁই না থাকায় এসব অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। আরও স্থায়ী টার্মিনাল নির্মাণের জন্য তাঁরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু সে দাবি পূরণ হয়নি।
স্থায়ী বাস টার্মিনাল দুটি বহদ্দার–হাট ও কদমতলী এলাকায়। স্থায়ী ট্রাক টার্মিনালটি নিমতলায়। আর নগরের গরিবুল্লাহ শাহ (রহ.) মাজারসংলগ্ন সড়ক মোড়, অক্সিজেন মোড়, চান্দগাঁও, শাহ আমানত সেতুসংলগ্ন সড়ক, কদমতলী বিআরটিসির বাসস্ট্যান্ড থেকে স্টেশন রোড, মাদারবাড়ী, অলংকার মোড় থেকে এ কে খান গেট ও বড়পুল এলাকায় অবৈধ বাসস্ট্যান্ডগুলোর অবস্থান।
অবৈধ ট্রাকস্ট্যান্ডগুলো গড়ে উঠেছে চট্টগ্রাম নগরের পোর্ট কানেকটিং রোড, পাহাড়তলী ডিটি রোড চাল বাজারসংলগ্ন সড়ক, বারো কোয়ার্টার, মনসুরাবাদ, কাঁচা রাস্তা, বড়পুল, নিমতল, সল্টগোলা, কদমতলী, মাদারবাড়ী, সদরঘাট, মাঝিরঘাট, বাংলাবাজার ও অক্সিজেন মোড় এলাকায়।
যেভাবে যানজট: পরিবহন মালিক সমিতি সূত্র জানায়, প্রতিদিন প্রায় পাঁচ হাজার পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার এবং এক হাজার ২০০-এর মতো বাস নগরে যাতায়াত করে। এসব যানবাহন নগরে প্রবেশ ও বের হওয়ার সময় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।
উত্তরবঙ্গ থেকে আসা ট্রাকগুলো সিটি গেট এলাকা দিয়ে ঢোকে। কক্সবাজারগামী ট্রাকগুলো এ কে খান গেট সড়ক ধরে শহরের মাঝখানে জিইসি মোড় দিয়ে বেরিয়ে যায়। বন্দরগামী ট্রাকগুলো ডিটি রোড এবং পিসি রোড ধরে চলে। আবার নগর ছেড়ে যাওয়ার সময় কিছু ট্রাক বন্দরের টোল রোড দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠে। তবে বেশির ভাগ পণ্যবাহী ট্রাক শহরের ব্যস্ততম জিইসি মোড়, ডিটি রোড এবং পিসি রোড হয়ে সিটি গেট দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠে।
অপরদিকে আন্তজেলা বাসগুলো সিটি গেট দিয়ে নগরে প্রবেশের পর কিছু গাড়ি এ কে খান গেট সড়ক ধরে জিইসি মোড় দিয়ে বেরিয়ে যায়। কিছু গাড়ি অলংকার মোড় পর্যন্ত যায়। নগর ছেড়ে যাওয়ার সময় নগরের গরিবুল্লাহ শাহ মাজার হয়ে শীতাতপনিয়ন্ত্রিত বাসগুলো এ কে খান গেট দিয়ে সিটি গেট পাড়ি দেয়। আবার স্টেশন রোড, কদমতলী বিআরটিসি থেকে ছেড়ে আসা বাসগুলো দেওয়ানহাট উড়ালসেতু দিয়ে বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের বাদামতলীর মোড় দিয়ে অ্যাকসেস রোড দিয়ে সিটি গেটে যায়।
এভাবে নগরের ভেতর দিয়ে আন্তজেলা বাস ও ট্রাক চলাচলের কারণে নগরজুড়ে যানজট ছড়িয়ে পড়ে। তার ওপর সবগুলো অবৈধ বাসস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে রাস্তার ওপর। রাস্তায় দাঁড়িয়ে বাসে যাত্রী ও মালামাল ওঠা-নামা করার কারণে যানজট তীব্র হয়।
আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কার্যকরী সভাপতি কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, আন্তজেলায় চলাচলকারী প্রায় এক হাজার ২০০ গাড়ির জন্য স্থায়ী টার্মিনাল খুবই জরুরি। তবে তিনি চান এ টার্মিনালগুলো শহরের ভেতরে হতে হবে। কফিল উদ্দিনের যুক্তি, নগরের বাইরে টার্মিনাল করা হলে যাত্রীদের নগরে যাতায়াতের জন্য টেম্পো, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করবে। এতে যানজটের সৃষ্টি হবে।
অবশ্য নগর পরিকল্পনাবিদ ও স্থপতি আশিক ইমরান বলেন, সারা দুনিয়ায় নগরের বাইরে থাকে বাসস্ট্যান্ড। সময় অনুযায়ী বাস মূল সড়কে এসে দাঁড়ায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রী নিয়ে চলে যায়। ফলে যানজটের সৃষ্টি হয় না।
নগরের যানবাহন বিভাগের সার্বিক দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘আমরা নির্দিষ্ট বাস ও ট্রাকস্ট্যান্ড গড়ার ব্যাপারে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) নিয়মিত তাগিদ দিয়ে যাচ্ছি। তাদের পক্ষ থেকে নিশ্চয়তা পাওয়ার পরই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব।’
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মহাপরিকল্পনা অনুযায়ী, ঢাকাসহ উত্তরাঞ্চলগামী যানবাহনের জন্য ফৌজদারহাট এলাকায় এবং রাঙামাটি, খাগড়াছড়ি, হাটহাজারী, নাজিরহাট, ফটিকছড়িসহ চট্টগ্রামের উত্তরাঞ্চলগামী যানবাহনের জন্য বালুছড়ায় আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণের প্রকল্প আছে। কিন্তু তা কাগজে-কলমে।
এ প্রসঙ্গে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘প্রকল্পটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটি প্রক্রিয়াধীন। আশা করি শিগগিরই আমরা ভালো খবর পাব।’
নগরের হালিশহর এলাকায় ট্রাক টার্মিনাল তৈরির প্রস্তাবও ফাইলবন্দী। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বলেন, ‘হালিশহর এলাকায় ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য সরকারের কাছে প্রায় ১০ একর খাস জমি বরাদ্দ চেয়েছি। বরাদ্দ পেলে কাজে হাত দেব।’
নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান বলেন, ‘যেভাবে শহরের যত্রতত্র বাস-ট্রাকের স্ট্যান্ড গড়ে উঠেছে, একে অরাজকতা ছাড়া অন্য কিছু বলা যায় না। এখন রাজনৈতিক নেতাদেরই সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা কেমন নগর দেখতে চান। প্রশাসনকেও পরিকল্পনা করতে হবে, কেমন নগর গড়তে চান। তা না হলে মানুষ কেবল কষ্টই ভোগ করে যাবে।’