চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর পেট থেকে সোনার বার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনার বার। ফাইল ছবি
সোনার বার। ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে সোনার আটটি বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। ওই যাত্রী সুমন দাশকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

কাস্টমস কর্মকর্তারা জানান, সুমন দাশের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। জব্দ করা সোনার ওজন ৯৩৬ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

বিমানবন্দরে নিয়োজিত কাস্টমসের উপকমিশনার উত্তম বিশ্বাস আজ দুপুরে ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে সকাল ৯টা ৪০ মিনিটে এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজে করে সুমন দাশ চট্টগ্রামে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে স্বীকার না করায় কাস্টমস কর্মকর্তারা তাঁকে হাসপাতালে নেওয়ার কথা বলেন। একপর্যায়ে সোনা বয়ে আনার কথা স্বীকার তিনি। এরপর তাঁকে পানি পান করানো হয়। পরে ওঠবস করানোর একপর্যায়ে শৌচাগারে পাঠানো হয় তাঁকে। শৌচাগার থেকে বের হয়ে তিনি সোনার বারগুলো কাস্টমস কর্মকর্তাদের হাতে তুলে দেন।

কাস্টমস কর্মকর্তারা জানান, এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

এর আগে গত ১৮ জুলাই রমজান আলী নামের এক যাত্রীর পেট থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণবার উদ্ধার করেছিলেন কাস্টমস কর্মকর্তারা। ওই যাত্রীও সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রামে আসেন।