চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে ককটেলের বিস্ফোরণ
টানা অবরোধ ও হরতালে গতকাল বৃহস্পতিবার দুপুরে ষোলশহর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর আগে সকালে ষোলশহরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কার্যালয়ের গাড়ি পার্কিং করার জায়গা থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
অন্য দিনের মতো গতকালও দিনের বিভিন্ন সময় জিইসি, বাদামতলী, আন্দরকিল্লাহসহ বিভিন্ন এলাকায় যানজট দেখা গেছে। বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়েছে। স্বাভাবিক ছিল ট্রেন চলাচল। মহাসড়কে গাড়ির সংখ্যা আগের চেয়ে বেড়েছে বলে পরিবহনশ্রমিকেরা জানিয়েছেন।
চট্টগ্রাম বন্দরে পুরোদমে পণ্য ওঠানো-নামানো হয়েছে। বন্দর সূত্র জানায়, গত বুধবার সকাল সাতটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪১৮টি কনটেইনার খালাস করেছে আমদানিকারকেরা। সাড়ে তিন হাজারের বেশি ট্রাকে করে এসব মাল ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ষোলশহরে শিক্ষা বোর্ডে ককটেল ফাটানো এবং বিমান কার্যালয়ের গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। এর বাইরে অন্য কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।