চট্টগ্রাম-সাতকানিয়া সড়কে অতিরিক্ত ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-সাতকানিয়া সড়কে বাস, মিনিবাস ও মাইক্রোবাসের চালক ও সহকারীদের কাছে ঈদে ঘরমুখী মানুষ হয়রানির শিকার হচ্ছে। এসব চালক-সহকারীরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছামাফিক অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে গাড়ির চালকেরা হয়রানির কথা অস্বীকার করলেও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করেছে।
যাত্রীরা জানান, গাড়ির চালক ও সহকারীরা অতিরিক্ত ভাড়া নেওয়ার পাশাপাশি যাত্রীদের হয়রানি করছে। তারা গাড়ি রিজার্ভ বা ননস্টপের কথা বলে পথে পথে যাত্রী ওঠানো-নামানো করাচ্ছে।
তা ছাড়া সাতকানিয়া সদরে পৌঁছে দেওয়ার কথা বলে ৫ কিলোমিটার আগে কেরানীহাট পর্যন্ত এসে আর যাবে না জানিয়ে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে। কোনো যাত্রী এর প্রতিবাদ করলে চালক ও সহকারীরা অশ্লীল ভাষায় প্রতিবাদকারীদের বকাঝকা করে থাকে।
গতকাল শুক্রবার সকালে নগরের শাহ আমানত সেতু থেকে সাতকানিয়াগামী যাত্রী আবদুল মাবুদ (৩৪) জানান, ৮০ টাকা ভাড়ার পরিবর্তে ১২০ টাকা ভাড়ায় সাতকানিয়া আসার জন্য বাসে উঠেছি। অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়িতে ওঠার সময় চালকের সঙ্গে কথা ছিল গাড়িতে পথে যাত্রী ওঠানো-নামানো করবে না। কিন্তু গাড়ি পথে পথে থেমে যাত্রী ওঠানো-নামানো করিয়েছে।
আরেক যাত্রী মোহাম্মদ হোসেন (৫০) বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রাম নগরে আসতে সময় বেশি লাগলেও হয়রানির শিকার হইনি। কিন্তু চট্টগ্রাম থেকে সাতকানিয়া যাওয়ার সময় বাস সাতকানিয়া সদরে যাওয়ার কথা বলে কেরানীহাট পর্যন্ত এসে থেমে গেছে। আর যাবে না কেন জানতে চাইলে চালক ও সহকারী মিলে অশ্লীল ভাষায় কথা বলেছে।’
সাতকানিয়া বাসচালক সমিতির সভাপতি মো. শাহজাহান বলেন, ‘ঈদের আগে-পরে গাড়িভাড়া অল্প বাড়তি থাকে। চট্টগ্রাম-সাতকানিয়া সড়কের কোনো গাড়ি যাত্রীদের পথে হয়রানি করে না। কোনো যাত্রী হয়রানি হয়ে থাকলে সেটি এ লাইনের গাড়ি হবে না।’